0

একসঙ্গে পণ্যবাহী ভারী দুটি যানবাহনের ভারে ভেঙে পড়েছে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুনামগঞ্জ-দিরাই সড়কের দেবগ্রাম-বোগলাখাড়ার বেইলি সেতু। শনিবার বিকেলে বোগলাখাড়া গ্রামের কাছে ধরার খালের ওপর সেতুতে মাটি কাটার এক্সাভেটর-ভর্তি একটি ট্রাক ও পণ্যবাহী একটি কাভার্ডভ্যান এক সঙ্গে উঠে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও কাভার্ডভ্যান দুটি দিরাই থেকে সুনামগঞ্জের দিকে আসছিল। দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানের দুই চালক আহত হয়েছেন। এদিকে সেতু ভেঙে পড়ায় দুই দিকের শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। স্টিলের তৈরি এই বেইলি সেতু নতুন করে নির্মাণ করতে অন্তত ১০ দিন সময় লাগবে বলে জানা গেছে। যার ফলে দিরাই উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একাংশ সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। বোগলাখাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী বুরহান উদ্দিন দুলন বলেন, ‘মাটি কাটার যন্ত্র এক্সেভেটর বহনকারী একটি ট্রাক দিরাই থেকে সুনামগঞ্জ মুখে যাচ্ছিল। ট্রাকটি বেইলি সেতুতে ওঠার পর পরই এর পেছনে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান উঠে পড়ে। এতে সেতু ভেঙে দুটি যানবাহনই ধরার খালে পড়ে যায়। গ্রামবাসী আহত দুই চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’ দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ‘দুটি ভারী যানবাহন একসঙ্গে সেতুতে উঠে পড়লে এটি ভেঙে দুটি যানই খালে পড়ে যায়। ট্রাক ও ভ্যানের চালক ছাড়া আর কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধারকাজ চালায়।’ এদিকে সেতু মেরামতের ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, ‘স্ট্রিলের তৈরি ভেঙে যাওয়া এই সেতু মেরামত করা যাবে না। নতুন করে নির্মাণ করতে অন্তত ১০ দিন সময় লাগবে। যার ফলে কয়েক দিন রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে।’

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.